মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

জাপানে বছরের শেষ দিনে ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : বছরের শেষ দিনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। দেশটির পূর্বাঞ্চলীয় নোডা অঞ্চলের উপকূলে বুধবার (৩১ ডিসেম্বর) ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পটি এমন সময়ে আঘাত হানল, যখন কয়েক সপ্তাহ আগেই জাপানের বিভিন্ন অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ওই ঘটনায় অন্তত ৩০ জন আহত হন এবং প্রায় ৯০ হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য করা হয়।

গত ৮ ডিসেম্বর জাপানের উপকূলীয় এলাকায় সংঘটিত আরেকটি ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সতর্ক করে জানায়, উত্তর-পূর্ব উপকূলে সর্বোচ্চ ৩ মিটার (প্রায় ১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রদেশে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে বিভিন্ন বন্দরে ২০ থেকে ৭০ সেন্টিমিটার (৭ থেকে ২৭ ইঞ্চি) উচ্চতার সুনামি ঢেউ পর্যবেক্ষণ করা হয়।

জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটিতে গড়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে ভূকম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থান করার কারণে জাপানে ৬ দশমিক ০ বা তার বেশি মাত্রার বিশ্বের প্রায় ২০ শতাংশ ভূমিকম্প সংঘটিত হয়।

এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানের উত্তরাঞ্চলীয় শহর সেন্দাইয়ের উপকূলে ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল জাপানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল সুনামিতে দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে এবং প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারান।