মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

শাহরুখ ও আমিরের পরেই জায়গা করে নিলেন অক্ষয় খান্না

বিনোদন ডেস্ক : তিন দশকের ক্যারিয়ারে এত সাফল্য আগে কখনো পাননি অক্ষয় খান্না। বলিউডের ২০২৫ সাল যেন একাই দখল করে নিয়েছেন তিনি। খলনায়ক চরিত্রে অভিনয় করেই বাজিমাত করেছেন এই অভিনেতা। গত বছর মুক্তি পাওয়া তাঁর দুটি সিনেমা— ছাভাধুরন্ধর— সব মিলিয়ে ২ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। ব্যবসার অঙ্কে ২০২৫ সালে তিনিই বলিউডের সবচেয়ে সফল অভিনেতা হিসেবে উঠে এসেছেন।

গত বছরের ফেব্রুয়ারিতে লহ্মণ উতেকরের ছাভা সিনেমায় সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেন অক্ষয় খান্না। ভিকি কৌশল ছিলেন মূল চরিত্রে। বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। ডিসেম্বর পর্যন্ত বলিউডে এটিই ছিল বছরের সর্বোচ্চ হিট। তবে হিসাব পাল্টে যায় ৫ ডিসেম্বর আদিত্য ধরের স্পাই থ্রিলার ধুরন্ধর মুক্তির পর। রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর মাধবন ও অর্জুন রামপালের পাশাপাশি রহমান ডাকাত চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেন অক্ষয়। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১ হাজার ১৬৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে গত বছর অক্ষয় খান্না অভিনীত দুই সিনেমার বক্স অফিস কালেকশন দাঁড়িয়েছে ২০০১ কোটি রুপিতে।

এই সাফল্যের মাধ্যমে প্রায় সব ভারতীয় অভিনেতাকে ছাড়িয়ে গেছেন অক্ষয় খান্না। কেবল দুজনকে স্পর্শ করতে পারেননি— শাহরুখ খান ও আমির খান। এখন পর্যন্ত এক বছরে সর্বোচ্চ বক্স অফিস কালেকশনের রেকর্ড রয়েছে শাহরুখের দখলে। ২০২৩ সালে তাঁর তিনটি সিনেমা— পাঠান, জওয়ানডানকি— আয় করে ২ হাজার ৬৮৫ কোটি রুপি। আর আমির খান দঙ্গল দিয়েই আয় করেছিলেন ২০৭০ কোটি রুপি। সিনেমাটি ভারতের বাজারে ৭১৬ কোটি এবং চীনে ১ হাজার ৩০০ কোটির বেশি ব্যবসা করেছিল।

যদিও ছাভাধুরন্ধর দিয়ে সাফল্য পেয়েছেন অক্ষয়, তবে তাঁকে নিয়ে বেশি আলোচনায় এসেছে ধুরন্ধর সিনেমা। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে নতুনভাবে আলোচনায় ফিরেছেন তিনি।