মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

প্রেমে মগ্ন বাঁধন, রহস্য রেখেছেন সঙ্গীকে ঘিরে

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবার আলোচনায় ব্যক্তিজীবনের এক নতুন অধ্যায় নিয়ে। পর্দায় শক্তিশালী উপস্থিতি আর স্পষ্টভাষী মন্তব্যে বরাবরই আলো ছড়ানো এই অভিনেত্রী জানিয়েছেন, একা থাকার অধ্যায় শেষ—প্রেম করছেন তিনি। তবে কে সেই মানুষ, যার হাত ধরে নতুন পথে হাঁটছেন বাঁধন, সে রহস্য আপাতত নিজের কাছেই রেখেছেন। সম্প্রতি একটি পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনায় তিনি এ তথ্য প্রকাশ করেন।

পডকাস্টে বাঁধন বলেন, এখন আর একা নেই তিনি, জীবনে প্রবেশ ঘটেছে নতুন মানুষের। উপস্থাপকের প্রশ্নে তিনি স্পষ্টভাবে জানান, ‘আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। না হলে, সবই বলে দিতে পারতাম। কারণ, আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।’

নিজের কাজ নিয়ে কথা বলতে গিয়ে বাঁধন জানান, অভিনয়ে তিনি আরও বেশি মনোযোগী হতে চান। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে সর্বোচ্চটা দিতে চান তিনি।

বর্তমানে বাঁধন ব্যস্ত আছেন নতুন একটি সিনেমা নিয়ে। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এর চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এ ছাড়া রেজওয়ান শাহরিয়ার পরিচালিত তার অভিনীত ‘মাস্টার’ সিনেমাটি যাচ্ছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে সিনেমাটি আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে।