মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

ভিসা বন্ডে মিলবে সর্বোচ্চ ৩ মাসের ভিসা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদি ভ্রমণে ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে সম্প্রতি চালু করা হয়েছে ‘ভিসা বন্ড’ পাইলট প্রোগ্রাম। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জামানত (বন্ড) হিসেবে জমা দিতে হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ভিসার শর্ত যথাযথভাবে পালন করলে পরে সেই অর্থ ফেরত পাওয়া যাবে। তবে এই কর্মসূচির আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি (একবার প্রবেশযোগ্য) ভিসা দেওয়া হবে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে জানায়, ভিসা ইন্টারভিউ শেষে কোনো আবেদনকারী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে বন্ড পরিশোধের নির্দেশনা দেন। এ সময় যুক্তরাষ্ট্র সরকারের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘পে ডট গভ’-এর একটি সরাসরি লিংক দেওয়া হয়। ভিসার অনুমোদন পাওয়ার ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে।

দূতাবাস আরও জানায়, এ ক্ষেত্রে সর্বোচ্চ তিন মাস মেয়াদি সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে এবং নির্ধারিত কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে এলে বন্ডের অর্থ স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে।

এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ভিসার শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে চায়। আবেদনকারীদের জন্য এটি হবে একটি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা, যা ভ্রমণ শেষে যথাযথভাবে পালন করলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকবে না।