বিনোদন ডেস্ক : মুক্তির পরই জানা গিয়েছিল অল্প সময়ের ব্যবধানে আসবে রণবীর সিং অভিনীত ধুরন্ধর সিনেমার দ্বিতীয় পর্ব। এবার প্রকাশিত হয়েছে সেই বহুল প্রতীক্ষিত ধুরন্ধর ২–এর টিজার। মাত্র এক মিনিটের ভিডিওতে রণবীরকে দেখা গেছে আরও ভয়ংকর রূপে। নতুন অধ্যায়ের নাম রাখা হয়েছে ধুরন্ধর: দ্য রিভেঞ্জ। প্রথম পর্বের মতো এটিও পরিচালনা করেছেন আদিত্য ধর।
প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে সিক্যুয়েলের কাহিনি। দ্বিতীয় অধ্যায়ের চিত্রনাট্য সাজানো হয়েছে রণবীর অভিনীত চরিত্র হামজার প্রতিশোধের গল্পকে কেন্দ্র করে। টিজারের শুরুতেই দেখা যায় রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ। বন্দুক হাতে কখনও কাউকে লক্ষ্য করে, আবার কখনও শূন্যে গুলি ছুড়ে কাঁপন ধরাচ্ছে পর্দার হামজা। গোটা টিজারে রণবীরের তীব্র অ্যাকশন দৃশ্যকে আরও শক্তিশালী করেছে আবহসঙ্গীত।
প্রতিশোধের কাহিনির পাশাপাশি সাধারণ ছেলে থেকে হামজা হয়ে ওঠার গল্পও উঠে আসবে এ পর্বে। টিজারে রণবীরের দুই ভিন্ন লুক সেই ইঙ্গিতই দেয়। ভিডিওর শেষদিকে তাঁর মুখে শোনা যায় সংলাপ—“এটা নতুন হিন্দুস্থান, ঘরে ঢুকে হত্যা করতেও পিছপা হবে না।”
অ্যাকশন, আবহসঙ্গীত ও চরিত্রের ভয়ংকর রূপে টিজারটি দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। ধুরন্ধর ২ মুক্তির আগেই আলোচনায় এসেছে রণবীর সিংয়ের এই রূপান্তর।