নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার সকালে ডিএমপির ডিবির প্রধান (অতিরিক্ত কমিশনার) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাঁকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়।
তিনি জানান, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
ডিবির প্রধান আরও বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
এর আগে গত ৩১ জানুয়ারি শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।