বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ শাবান, ১৪৪৭ হিজরি

হাসপাতাল গেটে মিলল রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত লাশ

নিহত জুনায়েদ সাকী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী নামে এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বেওয়ারিশ হিসেবে লাশটি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে, লাশটি পিকআপ থেকে ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়েন চালক ও তার সহযোগী (হেলপার)।

নিহত জুনায়েদ সাকী (৩৭) বরিশাল জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকা রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টম্‌সের সহকারী কমিশনার মো. রাশেদ।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আসছিলেন জুনায়েদ। তবে ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। হলুদ রঙের একটি পিকআপ ভোর সাড়ে ৫টায় তার ক্ষতবিক্ষত দেহ হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। সেখানকার কর্মচারীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ কাস্টম্‌সের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে আমরা ধারণা করছি। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারাও হাসপাতালে এসেছিল। থানা পুলিশ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের চিকিৎসক রেহনুমা মুনমুন বলেন, লাশটি আমরা সড়ক দুর্ঘটনায় নিহত হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। পরে থানা পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল হক বলেন, নিহতের স্ত্রী থানায় অভিযোগ দিয়েছে। একটি মামলা হবে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্ত করা হবে।