বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ শাবান, ১৪৪৭ হিজরি

গাজীপুর-২ : টঙ্গীতে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনির গণসংযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বুধবার দুপুর থেকে তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

গণসংযোগে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীসহ সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, গাজীপুর ২ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। শিল্পনগরী গাজীপুরের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নেতৃত্ব দিতে আমি প্রস্তুত।
এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ১৮ বছর পর আমরা কেউ ভোট দিতে পারি নাই। স্বৈরাচারি শেখ হাসিনা তিনটা নির্বাচন করেছে-একটা বিনা ভোটের, একটা নিশিরাতে আরেকটা আমি-ডামি ভোটের। তরুণ প্রজন্মের কেউ আমরা বিগত ১৮ বছর ভোট দিতে পারি নাই। ১৮বছর পর আপনাদের কাছে সেই সুযোগ এসেছে। ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, যদিও নির্বাচনকে নিয়ে নানা ধরণের ষড়যন্ত্র চলছে। কিন্তু ইনশাআল্লাহ আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছি ১২ তারিখ।