নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দেশের প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল মৃত্যুবরণ করেছেন। শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
জাকারিয়া কাজলের ছোটো ভাই মোহাম্মদ সোহেল গণমাধ্যমকে জানান, আজ শনিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে জানাজার পর বনানী কবরস্থানে কাজলকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে জাকারিয়া লিভার, কিডনি, হৃদরোগ এবং ডায়াবেটিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল ১৯৫৯ সালের ১৬ ডিসেম্বর ব্রাহ্মনবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি দৈনিক আজাদ, ইনকিলাব, অবজারভার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সর্বশেষ যমুনা টেলিভিশনের হেড অব নিউজ হিসেবে কাজ করেছেন।
জাকারিয়া কাজলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।