সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাবান, ১৪৪৭ হিজরি

বাবার জন্য ভোটারদের দ্বারে দ্বারে জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়েছেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শনিবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান।

তিনি পথচারী, রিকশাচালক, সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে ধানের শীষের নির্বাচনী লিফলেট বিতরণ করেন।

ভোটারদের উদ্দেশ্যে জাইমা রহমান বলেন, ‘আমার বাবা তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমার বাবাকে জয়যুক্ত করুন।’

গুলশান এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন জাইমা। ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।

এই গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায়। গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।