মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২১ শাবান, ১৪৪৭ হিজরি

ফেক আইডি থেকে অপপ্রচার, প্রতিবাদ তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফেক আইডি থেকে তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, অপপ্রচারের মাত্রা তত বাড়ছে।

রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, তার উদ্দেশ্য যদি অর্থবিত্ত অর্জন হতো, তাহলে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না। কারণ তার পেশাগত জীবনেই সে সুযোগ ছিল।

তিনি লেখেন, মানুষের উদ্দেশ্য নিয়ে যে কেউ যা খুশি বলতে পারে, কিন্তু সেটার প্রমাণ দেওয়া সম্ভব নয়।

তবে নিজের অতীত কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সব প্ল্যাটফর্ম মিলিয়ে তাকে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ অনুসরণ করেন। গত পাঁচ বছরে বিভিন্ন কোম্পানির পণ্যের বিজ্ঞাপন বা পেইড প্রমোশন করে কোটি কোটি টাকা আয় করার সুযোগ তার সামনে ছিল।

ডা. তাসনিম জারা আরও বলেন, পেইড প্রমোশন বা বিজ্ঞাপন করাকে তিনি দোষের কিছু মনে করেন না এবং অনেক কনটেন্ট ক্রিয়েটর সম্মানের সঙ্গেই তা করেন।

তবে একজন চিকিৎসকের পরামর্শ শতভাগ নিরপেক্ষ হওয়া উচিত বলে তিনি বিশ্বাস করেন। টাকার বিনিময়ে নির্দিষ্ট কোনো ওষুধ বা পণ্যের প্রচার করলে সেই নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

এই বিবেচনা থেকেই তিনি সচেতনভাবে গত পাঁচ বছরে কখনোই টাকার বিনিময়ে কোনো পণ্যের প্রমোশন করেননি বলে জানান। তবে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু নন-প্রফিট উদ্যোগের সঙ্গে তিনি কাজ করেছেন বলে উল্লেখ করেন।

পোস্টের শেষে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ধারার রাজনীতি গড়তে আগামী ১২ তারিখ ঢাকা-৯ আসনে ফুটবল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।