নিজস্ব প্রতিবেদক : শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরীফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।
ফ্ল্যাট হস্তান্তরের প্রতিক্রিয়ায় ওসমান হাদির স্ত্রী রাবায়া ইসলাম শম্পা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাস কে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোন গুলোকে নির্যাতনের স্বীকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখন ও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর। যাই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপত্র হস্তান্তর এর জন্য আমাদের আসতে বলা। আমি তাকে স্পষ্ট করে বলেছি আপনি কি আমার স্বামীর বিচার এর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন না হলে আমার ফিরনাস কোন কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আস্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদি কে সঠিক বিচার পাইয়ে দিতে।’
তিনি আরও লেখেন, ‘আমার ভাইবোন গুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব। আপনি ফিরনাস জন্য করেছেন অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিক ভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি।’