গাজীপুর প্রতিনিধি : মাহে রমজান উপলক্ষে গাজীপুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য মাসব্যাপী গণ ইফতারের মানবিক উদ্যোগ নিয়েছেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বৃহস্পতিবার পবিত্র রমজানের প্রথম দিনেই অসংখ্য রোজাদারের অংশগ্রহণে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের এমপি এম. মঞ্জুরুল করিম রনি।
ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আয়োজিত প্রথম দিনের গণ ইফতারে এক হাজারের বেশি গরিব, ভাসমান ও শ্রমজীবী মানুষ অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে বিপুলসংখ্যক নিম্নআয়ের মানুষ বসবাস করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকেই ভালো মানের ইফতার থেকে বঞ্চিত হন। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পুরো রমজান মাসজুড়ে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে এই গণ ইফতার কর্মসূচি চলবে। গত বছরও ব্যক্তিগত উদ্যোগে অনুরূপ আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সরকারি ও ব্যক্তিগত সমন্বয়ে আরও বৃহৎ পরিসরে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ডক্টর সহিদউজ্জামান, আহাম্মদ আলী রুশদী, আ ক ম মোফাজ্জল হোসেন, হাসান আজমল ভূঁইয়া, সাইফুল ইসলাম টুটুল, জয়নাল আবেদীন তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি নাসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানোজ্জামান শুক্কুর সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।