আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ ও জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক কার্টেলের নেতা নেমেসিও ওসেগেরা সার্ভান্তেস নিহত হয়েছেন। তিনি ‘এল মেনচো’ নামে পরিচিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাঁর গ্রেপ্তারের তথ্যের জন্য ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়ার পথে সেনাবাহিনীর সঙ্গে সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত হন এল মেনচো। পরে তাঁর মৃত্যু হয়। জালিস্কো অঙ্গরাজ্যের তাপালপা শহরে অভিযানে সিজেএনজি-এর চার সদস্য নিহত এবং তিন সেনা সদস্য আহত হন। অভিযানে যুক্তরাষ্ট্রের দেওয়া গোয়েন্দা তথ্য সহায়তা করেছে।
বিবিসির খবরে বলা হয়, এ ঘটনার প্রতিশোধ হিসেবে সিজেএনজি আটটি অঙ্গরাজ্যে গাড়িতে আগুন দেয়, সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।
এল মেনচোর নিহতের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিয়নের কিছু এলাকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ সতর্কতা জারি করেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
৫৯ বছর বয়সী সাবেক পুলিশ কর্মকর্তা এল মেনচো কোকেন, মেথঅ্যামফেটামিন ও ফেন্টানিল পাচারের সঙ্গে জড়িত একটি বিশাল অপরাধচক্র পরিচালনা করতেন। তাঁর গ্রেপ্তারের তথ্যের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিশেষ বাহিনী এই অভিযান পরিকল্পনা ও বাস্তবায়ন করে। মেক্সিকান বিমানবাহিনী ও ন্যাশনাল গার্ডের বিমান মোতায়েন করা হয়। অভিযানে সাঁজোয়া যান ও রকেট লঞ্চারসহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সরকারি এক সূত্র জানায়, ২২ ফেব্রুয়ারি ২০২৬ সালে মেক্সিকোর জাপোপান এলাকায় এল মেনচো নিহত হন। তাঁর মৃত্যুর পর ছড়িয়ে পড়া ভিডিওতে গুয়াদালাহারাসহ কয়েকটি শহরে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, গুয়াদালাহারা আসন্ন ফিফা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি।
জালিস্কোর উপকূলীয় পর্যটনকেন্দ্র পুয়ের্তো ভালার্তায় সহিংসতার কারণে সম্ভাব্য হাজারো পর্যটক আটকা পড়েছেন। রোববার জালিস্কোসহ বিভিন্ন এলাকার রাস্তায় সশস্ত্র বন্দুকধারীদের দেখা গেছে।
জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো সামাজিক মাধ্যমে বাসিন্দাদের ‘কোড রেড’ সতর্কতা মেনে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, অঙ্গরাজ্যে গণপরিবহন স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইন্স ও আমেরিকান এয়ারলাইন্স, পাশাপাশি এয়ার কানাডা পুয়ের্তো ভালার্তা ও গুয়াদালাহারাগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া আটলান্টা থেকে গুয়াদালাহারাগামী ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট অস্টিনে ঘুরিয়ে নেওয়া হয়েছে বলে ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে।