শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত সৌদি আরামারকোর রাস তানুরা তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) ভোরে চালানো এ হামলায় স্থাপনাটির একটি অংশে ছোট আকারের আগুন লাগে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি কর্তৃপক্ষের দাবি, ইরানে তৈরি ‘শাহেদ-১৩৬’ ধরনের একটি ড্রোন দিয়ে হামলাটি চালানো হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি সীমিত পরিসরে ছিল বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ উৎপাদন ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতিরও প্রমাণ মেলেনি।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ সাময়িকভাবে শোধনাগারের কার্যক্রম স্থগিত রাখে।

রাস তানুরা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার। প্রতিদিন প্রায় ৫ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে এ স্থাপনাটির। সংশ্লিষ্ট বন্দর দিয়ে সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পরিবাহিত হয়, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর গুরুত্ব স্পষ্ট করে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র হয়েছে। ওই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জেরে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েতেও হামলার খবর পাওয়া গেছে, যা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।