মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭ রমজান, ১৪৪৭ হিজরি

গুম মামলায় ব্যারিস্টার আরমানের জেরা আজ ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার পর আজ জেরার মুখোমুখি হচ্ছেন ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।

এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জন আসামি রয়েছেন। গত ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ব্যারিস্টার আরমান। তিনি দীর্ঘ আট বছরের গুমজীবনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। ২০১৬ সালে তিনি গুমের শিকার হন।

প্রসিকিউশন জানায়, গুমের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আরমান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তার জেরা বিলম্বিত হয়। ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আজ তিনি জেরার মুখোমুখি হচ্ছেন।

এ মামলায় গ্রেপ্তার রয়েছেন ১০ জন সাবেক র‍্যাব কর্মকর্তা। তারা হলেন— ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে), কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

শেখ হাসিনা ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন— সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

গত বছরের ২৩ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এ মামলার ১৭ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।