শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাক চাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক : রাজধানীর বঙ্গভবনের সামনের রাস্তায় চাপায় দুই মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন— রিপন (৪৫) সুলতান (৪০)।

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গভবনের সামনে রাস্তায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁর দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে অপর মুরগি ভ্যানচালক মো. শাহীন জানান, রিপন ও সুলতান শান্তিনগরের মুরগি ব্যবসায়ী। কাপ্তানবাজার থেকে ভ্যানবোঝাই করে মুরগি নিয়ে শান্তিনগর যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনে রাস্তায় ইউ টার্ন নেওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রিপন ও সুলতান ছিটাকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁদের দুজনের ওপর দিয়ে চলে যায়। হাসপাতালে আনার পর তাঁরা মারা যান। তবে ভ্যানচালক অক্ষত রয়েছেন।

নিহত রিপন ও সুলতানের বাড়ি শেরপুর জেলায়। রিপনের বাবার নাম সাখাওয়াত হোসেন, সুলতানের বাবার নাম জমশেদ আলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মতিঝিল থানা-পুলিশকে জানানো হয়েছে।