আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সংঘাতে এখন পর্যন্ত বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। লেবাননসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও জনবল রয়েছে, তারাও যুদ্ধের ডামাডোলে জড়িয়ে পড়েছে।
যুদ্ধ শুরুর এক সপ্তাহের বেশি সময় পর ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশে নিহতের সংখ্যার একটি তালিকা প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। তবে তারা স্বতন্ত্রভাবে এই প্রাণহানির সংখ্যা যাচাই করতে পারেনি।
ইরান
দেশটিতে অবস্থানরত রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, ইরানে অন্তত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও কর্মী নিহত হন। তবে রেড ক্রিসেন্টের দেওয়া এই তালিকায় দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কোনো সদস্য রয়েছে কি না, তা স্পষ্ট নয়।
অন্যদিকে ইরান সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কা উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের আঘাতে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে অন্তত ১০৪ জন নিহত হয়েছেন। রেড ক্রিসেন্টের পরিসংখ্যানে এই সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি।
ইসরায়েল
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে তাদের দুই সেনা নিহত হয়েছেন। ইরানের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানোর পর গত সপ্তাহে সংঘর্ষ পুনরায় শুরু হওয়ার পর ইসরায়েলি সেনাদের মধ্যে এটাই প্রথম প্রাণহানি।
এ ছাড়া ইসরায়েলের জরুরি অ্যাম্বুলেন্স সেবা ‘মাগেন ডেভিড আদোম’ জানিয়েছে, ১ মার্চ জেরুজালেমের কাছে বেইত শেমেসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জনসহ মোট ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্যমতে, ইরানের বিরুদ্ধে অভিযানে এখন পর্যন্ত তাদের সাতজন সেনাসদস্য নিহত হয়েছেন।
লেবানন
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩৯৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৩ জনই শিশু।
সৌদি আরব
রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে আল-খারজ শহরে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বাহরাইন
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর সালমান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে আগুন লেগে একজন নিহত হন।
কুয়েত
কুয়েতের স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা এবং সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের সেনাবাহিনী।
ওমান
মাস্কাট উপকূলের কাছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘এমকেডি ভিওম’ নামক একটি পণ্যবাহী ট্যাঙ্কারে গোলার আঘাতে একজন নিহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাত
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেখানে চারজন নিহত হয়েছেন।
সিরিয়া
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ সিরিয়ার সুয়েদা শহরে ইরানের একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হন।
ইরাক
ইরাকি পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, দেশটিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। পুলিশ সূত্র রয়টার্সকে জানিয়েছে, ৫ মার্চ বিমান হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর একজন কমান্ডার নিহত হয়েছেন।