বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় এবার ঈদে প্রচারিত হবে বিশেষ আয়োজনে সাজানো ‘ইমরান-শো: বকুল ও চন্দনে, গানের বন্ধনে’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি কবির বকুলের লেখা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী চন্দন সিনহার কণ্ঠে সাতটি গান পরিবেশিত হবে। প্রেম, বেদনা ও সম্পর্কের নানা অনুভূতিকে ঘিরে সাজানো এই গানগুলো শুধু সংগীত পরিবেশনা নয়, বরং দর্শকদের জন্য এক আবেগময় অভিজ্ঞতা হয়ে উঠবে।
এবারের বিশেষত্ব হলো—চন্দন সিনহার কণ্ঠে থাকছে তিনটি নতুন গান। পাশাপাশি তার গাওয়া দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও আতিয়া আনিসা। চন্দনের একটি গান নতুনভাবে পরিবেশন করেছেন সানিয়া সুলতানা লিজা। উপস্থাপনার পাশাপাশি ইমরান মাহমুদুল দর্শক উপস্থিতিতে গেয়েছেন চন্দনের জনপ্রিয় গান ‘আমি নিঃস্ব হয়ে যাব’, যা অনুষ্ঠানে যুক্ত করেছে বাড়তি আবেগ।
চন্দন সিনহা জানিয়েছেন, এবারের পর্বে চমক হিসেবে কবির বকুল নিজেও একটি গান গেয়েছেন। গীতিকবি হিসেবে পরিচিত বকুলের কণ্ঠে গান পরিবেশন অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
প্রথমবারের মতো এ আয়োজনে দর্শক উপস্থিতি রাখা হয়েছে। গানের ফাঁকে কথোপকথনে অংশ নেবেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী এবং গীতিকবি লিটন অধিকারী রিন্টু। তাদের আলাপচারিতায় উঠে আসবে শিল্পীজীবন, গানের পেছনের গল্প এবং সৃষ্টির নানা দিক।
অনুষ্ঠানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, দর্শকদের ভালোবাসাই তাঁকে তৃতীয়বারের মতো এই আয়োজনের সঙ্গে যুক্ত করেছে। তার ভাষায়, ‘বকুল ভাই ও চন্দনদার সঙ্গে আমার রসায়ন চমৎকার। তাই কাজটি সাবলীলভাবে করতে পারি।’
গান, আড্ডা ও দর্শকদের অংশগ্রহণের সমন্বয়ে সাজানো এই বিশেষ পর্ব প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের আয়োজনে ঈদ টেলিভিশন অনুষ্ঠানমালায় যুক্ত হবে এক অনন্য মাত্রা।