বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

‘চাচা হেনা কোথায়’ খ্যাত নায়ক বাপ্পারাজের জন্মদিন

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজের জন্মদিন আজ (১১ মার্চ)। দীর্ঘদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় তার নাম বারবার আলোচনায় আসে।

গত বছর তার অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার বিখ্যাত সংলাপ—“চাচা হেনা কোথায়?”—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে নতুন প্রজন্মের কাছে আবারও পরিচিতি এনে দেয়। নেটিজেনরা তাকে হাস্যরসাত্মকভাবে ‘হেনা’র নায়ক হিসেবে অভিহিত করেছিলেন।

১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় বাপ্পারাজ ও শাবনাজ অভিনয় করেছিলেন প্রধান চরিত্রে। সিনেমার সেই আবেগঘন সংলাপ ও গান আজও দর্শকের মনে জায়গা করে আছে।

নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ আশি ও নব্বইয়ের দশকে অসংখ্য হিট সিনেমায় অভিনয় করেছেন। বিশেষ করে ত্রিভুজ প্রেমের ট্র্যাজেডি সিনেমায় তিনি ছিলেন দর্শকের প্রিয় মুখ। তার অভিনীত ‘প্রেমগীত’, ‘হারানো প্রেম’, ‘ভুলোনা আমায়’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘ভালোবাসা কারে কয়’সহ বহু সিনেমা তাকে দিয়েছে অনন্য জনপ্রিয়তা। দর্শক তাকে কখনো ‘ব্যর্থ প্রেমের নায়ক’, কখনো ‘মিস্টার স্যাক্রিফাইস’ বলে ডাকতেন।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করেছেন—‘কাছের মানুষ রাতের মানুষ’, ‘একজন লেখক’—এবং নির্মাণ করেছেন ‘কার্তুজ’ চলচ্চিত্র। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘পোড়ামন ২’ সিনেমায়, যেখানে সিয়ামের বড় ভাইয়ের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়।

বাপ্পারাজের জন্মদিনে ভক্তরা স্মরণ করছেন তার অসংখ্য রোমান্টিক ও ট্র্যাজেডি চরিত্র, যা নব্বই দশকের ঢাকাই সিনেমায় তাকে দিয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা।