বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর।

এসব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।

বুধবার (১১ মার্চ) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি বলেন, আজ পর্যন্ত আমাদের সার্ভারে ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে।

তিনি বলেন, আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, সংসদ নির্বাচনে কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিল।

এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৩০ হাজার হয়েছে। অতিদ্রুত এই সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে।

তিনি আরও বলেন, কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সকলের সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।