বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২ রমজান, ১৪৪৭ হিজরি

প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সোয়া দশটার দিকে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশ শুরু হয়।

প্রথমবার এমপি নির্বাচিত হয়ে তারেক রহমান এই অধিবেশনে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। একইসঙ্গে সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেন তারেক রহমান।

এদিকে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সকাল ৯টার পর থেকে সংসদ ভবনে প্রবেশ করছেন জাতীয় সংসদের সদস্যরা। স্পিকার হতে যাচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এদিকে বুধবার সরকারি দলের সংসদীয় কমিটির সভার পর বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল স্পিকার হতে যাচ্ছেন সাবেক মন্ত্রী বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষমতা দিয়েছে সংসদীয় কমিটি। ফলে কে হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার সেটা ঠিক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হয়তো আর কিছুক্ষণের মধ্যে এ সিদ্ধান্ত সবাই জানতে পারবেন।

কিন্তু তার আগেই সংসদের বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রচার করছেন, নতুন স্পিকার হতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

এছাড়া ডেপুটি স্পিকার পদে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম শোনা যাচ্ছে। তবে যার নামই আসুক দুপুর ১২টার মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।