বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৮ রমজান, ১৪৪৭ হিজরি

চাঁদপুর ও বরিশালগামী যাত্রীদের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : রাজধানীর সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর-বরিশালগামী এ সার্ভিস উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান।

এ সময় নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী আরো বলেন, শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। পরীক্ষামূলক এ সার্ভিস ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। ঘাটের অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচলের ৩০০ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এ ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থার পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় তারা জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরে নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান ফিতা কেটে শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন।

শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে প্রতিদিন সকাল ৮টায় চাঁদপুর রুটে এমভি সমতা অ্যান্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল বহনের জন্য আগামী ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবা চালু থাকবে।