মুক্তবাণী রিপোর্ট : বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে এই শুভেচ্ছা বার্তা দেন দ্রৌপদী মুর্মু।
শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, ‘ভারতের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
ভারতের রাষ্ট্রপতি লেখেন, ‘ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, সুগভীর সাংস্কৃতিক সংযোগ ও দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তিটিকে রূপদান করে। বছরের পর বছর ধরে, আমরা সংযুক্তি, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনগণ-কেন্দ্রিক উন্নয়নকে অগ্রসর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে সীমান্তের উভয় পাশের নাগরিকদের কাছে বাস্তবিক সুফল পৌঁছে দিয়েছি।’
বার্তায় আরও বলা হয়, ‘ভারত আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার জন্য এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী। অনুগ্রহ করে পুনরায় আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস এবং বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করুন।’