রবিবার, ২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ সফর, ১৪৪৮ হিজরি

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানান, লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

সূত্র জানায়, ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাৎ, আয়না ঘরের রূপকার এবং সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেন লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।

গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

তদন্তকালে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগ করে বিদেশে পলায়ন করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা জরুরি।
লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ডিজিএফআইয়ের পরিচালকের পদে ছিলেন ডিসেম্বর ২০০৭ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত। একই সংস্থার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন ২৩ জুন ২০১১ থেকে ৭ মার্চ ২০১৩ পর্যন্ত।

অনেকেরই অভিযোগ, শেখ হাসিনার ১৫ বছরের ফ্যাসিস্ট সরকার কায়েমে তারও ভূমিকা ছিল।