রবিবার, ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৯ শাওয়াল, ১৪৪৭ হিজরি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪১ লাখ টাকা টোল আদায়

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে রয়েছে যানবাহনের চাপ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুর ওপর দিয়ে ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ জানায়, উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।

এর আগের ২৪ ঘণ্টা ২৬ মার্চ সেতু দিয়ে ৩৭ হাজার ১১০টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৯৮ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১৬৮ টি যানবাহন বেশি পারাপার হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা ও গাজীপুরের দিকে মানুষের যাত্রা চলছে।
যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

তিনি আরো জানান, অতিরিক্ত যানবাহনের চাপ, যান বিকল ও ছোটখাটো দুর্ঘটনার কারণে যান চলাচলে ধীরগতির এবং মাঝেমধ্যে যানজট লাগছে। তবে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন মহাসড়ক স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছে।