রাজশাহী প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করেন সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী। তবে মূল দায়িত্ব পালন করেন পুলিশ। তবে জুলাই বিপ্লবের পরে গুটিকয়েক লোকের ভুল সিদ্ধান্তের কারণে পুলিশের মনোবল শূন্যের কোঠায় ছিল।
জনগণ থেকে পুলিশ বিচ্ছিন্ন ছিল।
শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ব্যাংক ও শেয়ার বাজার থেকে টাকা চলে যাওয়ার কারণে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এখন অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালু করতে হলে এবং বিনিয়োগ আসতে হলে সরকারের প্রথম এজেন্ডা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা।
তিনি বলেন, রাজশাহীর প্রতি আমাদের একটু স্পেশাল নজর আছে এবং এখানকার মানুষ শান্তিপ্রিয়। এছাড়া রাজশাহীতে খারাপ কাজ ও অপরাধের সংখ্যা কম আছে। রাজশাহীর শিক্ষিত অনেক বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রয়োজন।
এসময় উপস্থিত ছিলেন,পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ড. জিল্লুর রহমানসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।