আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান হামলা নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক চাঞ্চল্যকর বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানজুড়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।-সূত্র: আলজাজিরা।
প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেন, ইরানে আজ একটি বড় দিন। বিশ্বের সেরা এবং সবচেয়ে শক্তিশালী আমাদের মহান সামরিক বাহিনী দীর্ঘ প্রতীক্ষিত অনেক লক্ষ্যবস্তু খুঁজে বের করে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।
তবে সামরিক অভিযানের এই খবরের মাঝেই প্রেসিডেন্ট ট্রাম্প এক ভিন্নধর্মী তথ্যও সামনে এনেছেন। এর আগে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি এবং পরোক্ষভাবে আলোচনা চলছে। এই আলোচনাকে ‘অত্যন্ত ইতিবাচক’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তিনি বেশ নিশ্চিত, যদিও শেষ মুহূর্তে চুক্তি না হওয়ার একটি ক্ষীণ সম্ভাবনাও তিনি নাকচ করে দেননি।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। এছাড়া ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিয়ে বলেন, তিনি ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চান এবং প্রয়োজনে দেশটির প্রধান রপ্তানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ দখল করার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।