নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে জ্বালানি আতঙ্ককে কেন্দ্র করে পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এ পরিস্থিতিতে জনসাধারণকে ধৈর্য ধরার এবং আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজার গুলফেশা প্লাজায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিকরা এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, গত কয়েকদিনে দেশের প্রায় সব পেট্রোল পাম্পেই ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
গুজব ও ‘তেল ফুরিয়ে যাওয়ার’ আতঙ্ক ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন, হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। কিছু ক্ষেত্রে পাম্পে হামলা, কর্মীদের ওপর নির্যাতন ও প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়।
পাম্প মালিকদের দাবি, সরকার নির্ধারিত দামে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত রয়েছে। তবে আতঙ্কজনিত অতিরিক্ত চাহিদাই পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে।
তারা জানান, জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে পাম্প মালিক ও কর্মচারীরা চরম চাপের মধ্যে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে সরকার জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু এই পরিস্থিতিতে ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা কৃত্রিম সংকট তৈরি করছে। এতে একদিকে সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ছে, অন্যদিকে জরুরি প্রয়োজনেও অনেকেই তেল পাচ্ছেন না।
তারা আরো জানান, দেশে বিদ্যমান তেলের মজুত দিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা সম্ভব এবং এটি কোনো স্থায়ী সংকট নয়। জ্বালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকেও একই আশ্বাস দেওয়া হচ্ছে। তবে গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ অবস্থায় সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে পাম্প মালিকরা বলেন, অযথা আতঙ্কিত না হয়ে নির্ধারিত রেশনিং মেনে চলতে হবে এবং পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে হবে। অতিরিক্ত তেল মজুদ না করার পাশাপাশি পাম্পে দায়িত্বরত কর্মীদের সঙ্গে অসদাচরণ থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পরিস্থিতিকে তুলনামূলকভাবে বেশি নাজুক বলে উল্লেখ করা হয়। সেখানে সরবরাহ স্বাভাবিক থাকলেও অতিরিক্ত চাহিদার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এ কারণে স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানানো হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, সরবরাহ ব্যবস্থার বাস্তবসম্মত সমন্বয়, নির্ধারিত সময়সীমার মধ্যে তেল বিক্রি এবং সরকারি মনিটরিং বাড়ানোর মতো বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। একই সঙ্গে পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে সরকারের ট্যাগ অফিসার নিয়োগের উদ্যোগকে স্বাগত জানানো হয়।
সংবাদ সম্মেলনে শেষ পর্যন্ত বলা হয়, বর্তমান পরিস্থিতি সাময়িক এবং এটি মোকাবিলায় সবচেয়ে জরুরি হলো ধৈর্য ও সচেতনতা। সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এই সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। আতঙ্ক নয়, বরং দায়িত্বশীল আচরণই হতে পারে এ সময়ের সবচেয়ে কার্যকর সমাধান।