আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে এক মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের দুই সপ্তাহের বিরতিকে ‘যুক্তরাষ্ট্রের জয়’ বলল হোয়াইট হাউস।
সামাজিক মাধ্যমে এক্সে (আগের টুইটার) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট লিখেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের অসাধারণ সামরিক বাহিনী সম্ভব করেছেন।’
তিনি আরো লিখেছেন, আমাদের সামরিক বাহিনীর সফলতা সর্বোচ্চ কূটনৈতিক সুবিধা তৈরি করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প এবং দলের ‘কঠোর আলোচনার’ মাধ্যমে এখন কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ খুলেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকা হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দুই দেশের যৌথ হামলার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারপর থেকে টানা যুদ্ধ চলছে।
তিন দেশের যুদ্ধের কারণে অশান্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া। যুদ্ধ শুরুর পর ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রাখলে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দেয়।
আলোচনার পর কয়েকটি দেশের পণ্যবাহী জাহাজকে হরমুজ প্রণালি পার করার ‘অনুমতি’ দেয় ইরান। তবে স্পষ্ট জানায়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জন্য বন্ধ থাকবে হরমুজ। হুঁশিয়ারি দেয়, তাদের শর্ত না-মানলে বন্ধই থাকবে বিশ্বে জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি।
তবে হরমুজ প্রণালি খোলার জন্য বারবার ইরানকে হুঁশিয়ারি দেন ট্রাম্প। শর্ত, পাল্টা শর্ত নিয়ে আলোচনাও শুরু হয়। শেষ পর্যন্ত টানটান উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র।