আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরানের জনগণই প্রকৃত বিজয়ী এবং দেশটি একটি ‘বিজয়ী জাতি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
এতে তিনি বলেন, যুদ্ধের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সরকার ক্ষতিপূরণ আদায় করবে এবং আহতদের জন্যও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি জানানো হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নতুন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দেশটির জনগণকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে খামেনি বলেন, জনসমাগম ও জনমতের প্রকাশ কূটনৈতিক আলোচনা ও দরকষাকষির ফলাফলে প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না।
একই সঙ্গে ইরানের আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোর অবস্থানও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি মোজতবা খামেনি।
সূত্র: বিবিসি বাংলা