রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩ শাওয়াল, ১৪৪৭ হিজরি

আনন্দ হাউজিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, উত্তাল রূপগঞ্জ

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ‘আনন্দ হাউজিং’ প্রকল্প করায় বিক্ষুব্ধ জনতা মানববন্ধন করেছে। এসময় জমির মালিকরা প্রকল্পের সব কার্যক্রম স্থগিত, তাদের অধিকার নিশ্চিত এবং অধিকার ক্ষুণ্ন করে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড না করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন।

শনিবার সকাল ১১টায় আনন্দ হাউজিং প্রকল্পের ভেতরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আনন্দ হাউজিংয়ের মালিক গাজী মোজাম্মেল পুলিশের প্রভাব খাটিয়ে রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো, মধুখালী, সুরিয়াবো, জাঙ্গীর, আগারপাড়া, নামাপাড়াসহ দশটি এলাকার সাধারণ মানুষের জমি জবরদখল করে বালু দিয়ে ভরাট করে ফেলেন।
একটি বড় খালসহ ৫টি খালও ভরাট করে ফেলেছেন। সাধারণ মানুষের জমির টাকা না দিয়ে এসব জমি দখল করে নিয়েছেন তিনি।

নামাপাড়া এলাকার হাজী সোলায়মান মিয়া বলেন, ‘আমার বাপ দাদার ৯ বিঘা জমি মোজাম্মেল দখল কইরা নিছে। কতো জায়গায় গেছি, কেউ কিছু কয় না।
আমাগো কি দাম নাই জীবনের? আল্লাহ ওনাদের বিচার করব।’

শুধু সোলায়মান মিয়া নয়। তার মতো শত শত এলাকাবাসী আনন্দ হাউজিংয়ের বিরুদ্ধে তাদের জমি দখলে নেওয়ার অভিযোগ তুলে বলেন, জমিতে গেলেই তাদের বাহিনী দিয়ে হামলা-ধাওয়া করে।

শনিবার সকাল ১১টায় কয়েকশ স্থানীয় জনতা আনন্দ হাউজিংয়ের ভেতরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসময় দ্রুত তাদের জমি বুঝিয়ে দেওয়া না হলে তিন শ ফিট অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।