বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকাটি প্রকাশ করেন রুহুল কবির রিজভী। সেখানে স্থান পাননি বেবী নাজনীন, কনকচাঁপা, রিজিয়া পারভীন, অভিনেত্রী রুকাইয়া জাহান চমকরা।
এর আগে, সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারেও অংশ নিয়েছিলেন শোবিজের এই তারকারা।
সেসময় জানা যায়, কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। রিজিয়া পারভীন নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেন। আর কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন চমক।