নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। এতে অজ্ঞাতনামা (৪০) আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপর দ্রুতগতির একটি বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে।
নিহিত জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তবে আহত অন্য ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।