নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য সংসদ সচিবালয়ের পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। এরমধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদন করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ আমন্ত্রণে সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৈঠকে যোগদান করেন। বৈঠকের শুরুতে বিগত ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে আলোচ্যসূচীসমূহ উপস্থাপন করেন।
বৈঠকে বাজেটের বাইরেও সংসদ সচিবালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা ও সেগুলোর কাজের গতি ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যে বাজেট বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়।