বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ জিলকদ, ১৪৪৭ হিজরি

মন্ত্রীকে বাড়তি সময় দিয়ে হাসপাতালের সরঞ্জাম দাবি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের এমপি সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের বক্তব্যের সময় দুই মিনিট বৃদ্ধি করার ‘বিনিময়ে’ নিজের দুই থানার দুটি হাসপাতালের সরঞ্জাম চেয়েছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। আর এতে রাজিও হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরই সংসদ হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার (২৯ এপ্রিল) ডেপুটি স্পিকারের সভাপতিত্বে এ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সময় বাড়ানোর অনুরোধ জানালে হাসতে হাসতে হাসপাতালের সরঞ্জাম দাবি করেন ডেপুটি স্পিকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাননীয় স্পিকার অনেককে আপনি সময় বাড়িয়ে দিয়েছেন। কেউ আপনাকে চা খাইয়েছেন আপনি সময় বাড়িয়েছেন, কেউ আপনার সঙ্গে উকালতি করে কোর্টের বারান্দায় ঘুরেছেন সময় বাড়িয়ে দিয়েছেন। মাননীয় স্পিকার আমি একজন মুক্তিযোদ্ধা, একাত্তরের মুক্তিযুদ্ধে আমি কমান্ডার ছিলাম। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ডাকে যুদ্ধ করেছি দেশের জন্য। কাজেই ওনার বদৌলতে সময় দ্বিগুণ দিতে হবে।

এরপরই হাসি মুখে ডেপুটি স্পিকার বলেন, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি যদি আমার দুই থানার, দুই হাসপাতাল একদম সজ্জিত করেন তাহলে আমি দুই মিনিট বাড়াব।

এরপর স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের দাবির প্রেক্ষিতে বলেন, ওকে মাননীয় স্পিকার। আপনার কাছে অঙ্গীকার করলাম করব।