নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কের মিডিয়ান ও ফুটপাতে সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
ডিএসসিসি বলছে, প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে সড়কটিকে একটি ‘আইডিয়াল ও মডেল রাস্তা’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই কার্যক্রম উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
প্রশাসক বলেন, প্রকল্পের প্রথম ধাপে এই সড়কে বিভিন্ন আকৃতির ৫৪টি নান্দনিক ফুলের টব স্থাপন করা হয়েছে। এসব টবে বাগান বিলাস, রঙ্গন, অলোকানন্দা, পোর্টুলিকা ও কামিনীসহ বিভিন্ন প্রজাতির রঙিন ফুলগাছ লাগানো হবে।
এক মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পরবর্তী ধাপে ধানমন্ডি আবাসিক এলাকা ও লেক কেন্দ্রিক নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে এই সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
নিজ বাড়ির আঙিনার মতো পুরো ঢাকা শহরকেও পরিচ্ছন্ন ও সবুজে সুশোভিত করে সাজিয়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রশাসক বলেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই পারে ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’তে রূপান্তর করতে।
ফুটপাত দখল ও গাছ নষ্ট হওয়ার বিষয়ে আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন বা পুলিশের পক্ষে সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব নয়।
তিনি বলেন, আমরা একদিকে গাছ লাগাব আর অন্য কেউ তা ছিঁড়ে ফেলবে- এমনটি হলে সুফল আসবে না। নগরবাসীকে শপথ নিতে হবে যে, ডাস্টবিন ছাড়া কোথাও আবর্জনা ফেলব না এবং পরিবেশ রক্ষায় দায়িত্বশীল থাকব।
তিনি প্রত্যেক নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ জানান।