শনিবার, ২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ জিলকদ, ১৪৪৭ হিজরি

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিভিন্ন দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রায় দুই বছর আগে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুষ্ঠিত এই অধিবেশন ছিল ভিন্নধর্মী রাজনৈতিক প্রেক্ষাপটে গড়ে ওঠা একটি অনন্য ঘটনা। এ কারণে সংসদের ভেতরের কার্যক্রমের পাশাপাশি বাইরেও ব্যাপক আগ্রহ ছিলো।-সূত্র: বিবিসি বাংলা।

রাষ্ট্রপতির ভাষণ, মুক্তিযুদ্ধ ও জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়েছে। একই সঙ্গে স্পিকার ও ডেপুটি স্পিকারের কিছু বক্তব্যও জনমনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সমাপ্ত হওয়া এই অধিবেশনে যেমন আইন পাসের দিক থেকে নতুন রেকর্ড তৈরি হয়েছে, তেমনি ছিল তীব্র রাজনৈতিক বিতর্ক এবং আগাম রাজনীতির নানা ইঙ্গিত।

সংসদ সচিবালয়ের তথ্যে জানা যায়, ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়। এর মধ্যে ৯১টি বিল পাস হয় এবং শেষ দিনের দুটি বিলসহ মোট ৯৪টি বিল অনুমোদনের মধ্য দিয়ে অধিবেশন শেষ হয়।

প্রশ্নোত্তর পর্বেও সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বাসসের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৯৩টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে তিনি ৩৫টির জবাব দেন।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে জমা পড়া ২,৫০৯টি প্রশ্নের মধ্যে ১,৭৭৮টির উত্তর দেওয়া হয়েছে।

বেশি আলোচিত আটটি বিষয় হলো— ১. রাষ্ট্রপতির ভাষণ- আলোচনা ও বিরোধিতা, ২. ‘জুলাই সনদ’ নিয়ে বিতর্ক ৩. মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, ৪. প্রশ্নোত্তর পর্বে জবাবদিহিতা, ৫. ওয়াকআউট ও বিরোধী দলের সক্রিয়তা, ৬. আলোচনায় স্পিকার- ডেপুটি স্পিকার, ৭. সংসদের ‘আলোচিত চরিত্র’, ৮. বিল পাস ও অধ্যাদেশ উত্থাপনের রেকর্ড।