সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

মৃতরা হলো- গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

ডা. মো. আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও এনআইসিইউ নেই।

শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের পরিচালক বলেন, ‘হামে আক্রান্ত শিশুদের জন্য আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের এখানে জায়গার তুলনায় রোগীর সংখ্যা তিনগুণ। ফলে বারান্দাসহ বিভিন্ন জায়গায় থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এ ছাড়া এনআইসিইউ না থাকলেও আইসিডিডিআরবি একটি ডিভাইস আবিষ্কার করেছে- যা দিয়ে হামের রোগীর নিউমোনিয়া হলে অক্সিজেন দেওয়া যায়, যোগ করেন হাসপাতালটির পরিচালক।