নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, প্রতি মাসের প্রথম শনিবার ঢাকা শহরকে ‘পরিচ্ছন্ন দিবস’ হিসেবে পালন করা হবে। এ মাসে আগামী ৯ মে দিনটি পালন করা হবে।
সোমবার (৪ মে) দুপুরে সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতি মাসের প্রথম শনিবার ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্ন দিবস’ পালন করা হবে। এ কাজে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল কর্তৃপক্ষসহ সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করা হবে। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযানও পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, আমি যদি এ দায়িত্বে থাকি, তবে আগামী এক বছরের মধ্যে ঢাকার সব খালকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব। এ বিষয়ে আমরা ওয়াসাসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে এরইমধ্যে আলোচনা করেছি। তাদের সম্মিলিত সহযোগিতায় ঢাকা দক্ষিণ সিটির সব খালকে একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনা হবে। খালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনা গেলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম বলেন, আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু সম্পর্কে সচেতন না হই, তবে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। প্রত্যেক নাগরিকের সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তর, রাজউক, ডিএমপি, শিক্ষা অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।