মঙ্গলবার, ৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস ও ৫ লাখ টাকা ঋণের উদ্যোগ : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, প্রবাসীদের হয়রানি কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালু এবং বিদেশ গমনেচ্ছুক ও প্রত্যাগত প্রবাসীদের জন্য ঋণের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা করার পরিকল্পনা করছে সরকার।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের ৭ম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের ১৮০ দিনের রোডম্যাপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের হয়রানিমুক্ত সহজ সেবা দেওয়ার লক্ষ্যে আমরা বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসীদের ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য।

নুরুল হক বলেন, ওয়ান স্টপ সার্ভিস ও পাসপোর্ট জটিলতা নিরসনে ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রবাসীদের সেবাগুলো এক ছাতার নিচে আনার প্রস্তাব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, পাসপোর্ট নিয়ে প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ও হয়রানি বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
এখন থেকে জেলা জনশক্তি অফিস থেকে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করার পর পাসপোর্ট অফিসে প্রবাসীদের জন্য একটি বিশেষ ডেস্ক থাকবে, যাতে তারা দ্রুত সেবা পেতে পারেন।

তিনি বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিদেশ যাওয়ার জন্য ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এই ঋণের পরিমাণ বাড়িয়ে ৫ লাখ টাকা করার আলোচনা চলছে। এছাড়া জাপান, কোরিয়া ও চীনে ভাষা শিক্ষা কোর্সে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত প্রাথমিক ঋণ সুবিধা চালু করা হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নুরুল হক বলেন, দালালদের খপ্পরে পড়ে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে অভিবাসন আইন ২০১৩ সংশোধন করে ২০২৫ সালে পাসের জন্য প্রস্তাব করা হয়েছে, যেখানে শাস্তির পরিমাণ আরও কঠোর করা হচ্ছে।

তিনি আরও বলেন, শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের মতো ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতা বাড়াতে ইতালি সরকার ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের সচেতন করতে এবং দক্ষ জনশক্তি গড়তে বর্তমানে দেশে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সচল রয়েছে এবং আরও ৯০টি কেন্দ্র স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

আশা প্রকাশ করে নুরুল হক বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় গৃহীত এসব পদক্ষেপের দৃশ্যমান ফলাফল আগামী ছয় মাসের মধ্যে পাওয়া যাবে।