নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ সিস্টেমে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল বৃহস্পতিবার ৫ ঘণ্টার জন্য ফুয়েল পাশ নিবন্ধন সেবা বন্ধ থাকবে।
বুধবার (৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএর সার্ভার ও স্টোরেজ সিস্টেমে মেইনটেনেন্স কার্যক্রম চলবে। এ সময় ফুয়েল পাশ রেজিস্ট্রেশন সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
মন্ত্রণালয় জানিয়েছে, সেবার মান উন্নয়ন এবং সিস্টেমকে আরও নির্ভরযোগ্য করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে।
সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, নির্ধারিত সময় শেষে ফুয়েল পাশ সেবা স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে।