শনিবার, ৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১ জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় ২জন আটক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়িতে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন আজ দুপুরে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হলেন-সন্দেহভাজন ঘাতক ও পলাতক প্রাইভেট কার চালক ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), তাদের বড় মেয়ে মীম (১৫), মেজো মেয়ে মারিয়া (৮), ছোট মেয়ে ফারিহা (২) এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। তিন সন্তানের গলা কাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়ে ছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার ওপর। অন্যদিকে শারমিনের হাত-মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। প্রায় এক বছর আগে তিনি এই বাড়িটি ভাড়া নেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ফোরকান ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো।শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গিয়েছিল। আজ সকালে ঘরে পাঁচজনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া নিজেই এই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাক উজ্জামান জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক ব্যক্তিরা ফোরকানের গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত।