খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে সেচ মেশিন ভাঙচুরের ঘটনার জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘেরাও এবং সংঘর্ষে ঘটনা ঘটেছে| এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং ওসি নাজির আলমসহ অন্তত ১২ জন আহত হয়েছেন| রাবার বুলেট বিদ্ধ হয়েছে চার কৃষক| ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার পূর্ব বলি পাড়া এলাকায়|
স্থানীয় সূত্রগুলো জানায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের নেতৃত্বে পূর্ব বলি পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়| ফের পথে কৃষকের বেশ কয়েকটি সেচ মেশিন ভাংচুর করা হয়| এ সময় কয়েক শত কৃষক ও এলাকার নারী-পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ভ্রাম্যমান আদালতে নিয়োজিতদের ঘেরাও করে| পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে| লোকজন ইট-পাথর ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়| এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়|
অপর আহতরা হচ্ছে-কৃষকরা আজাদ হোসেন (২৮), সুমন ত্রিপুরা(২২), নুর হোসেন (২৪), পুলিশ সদস্য জয়নুল আবেদিন (৩৬), নুর মোহাম্মদ (২৫), খোরশেদ আলম (৩৭), আনসার সদস্য নুর মোহাম্মদ (৩৩), সালাউদ্দিন (৩৭) ইউএনও-এর অফিস সহায়ক আবদুল ওহাব (৩০) ও গাড়ী চালক কামাল উদ্দিন|
তবে এ বিষয়ে একাধিকবার রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলমকে ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি|