মুক্তবাণী রিপোর্ট : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বাংলাদেশের অভিন্ন নদীগুলোর ন্যায্য পানিপ্রবাহ নিশ্চিত করতে সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
দেশের ৫৪টি নদী ভারতের সঙ্গে এবং তিনটি মিয়ানমারের সঙ্গে সংযুক্ত।
এসব নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৫ মে) বিকেলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের বাস্তবায়নে বোদা উপজেলার সোনাচান্দি গ্রামে করতোয়া নদীর ডান তীর বরাবর ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ১১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, উত্তরাঞ্চলের পাশাপাশি দক্ষিণাঞ্চলের পরিবেশ ও কৃষি রক্ষায় পদ্মা ব্যারেজ একটি যুগান্তকারী উদ্যোগ হতে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালেই এ প্রকল্পের স্বপ্ন ও পরিকল্পনা করেছিলেন।
বর্তমানে সরকার সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে একনেকে প্রকল্পটি অনুমোদন করেছে।
তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ২৪টি জেলা ও ১৬৩টি উপজেলায় নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা সম্ভব হবে।
এর ফলে ক্রমবর্ধমান লবণাক্ততা, কৃষি সংকট ও মৎস্য উৎপাদনের সমস্যা অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে মরুকরণের ঝুঁকিতে থাকা এলাকাগুলোর জীবন-জীবিকাও টেকসই হবে।
এ ছাড়া ফারাক্কা ইস্যুসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন নিয়ে সরকার পর্যায়ক্রমে কার্যকর সমাধানের দিকে এগোচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।
পরে তিনি এক আলোচনা সভায় অংশ নেন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র রায়, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির নেতারা এবং বেংহারি বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।