খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে যৌথ বাহিনীর সাথে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। অভিযানে আরও ২ ইউপিডিএফ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২ টার দিকে রামগড় উপজেলার বুদংছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপ সদস্যদের অবস্থানের গোপন সংবাদে অভিযানে যায় সেনা ও পুলিশ সদস্যরা। এ সময় যৌথ বাহিনীর অবস্থান টের পেয়ে গুলি ছুঁড়তে থাকে সন্ত্রাসীরা। পরে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আহত ১ জনসহ ৩ ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একে-২২ অস্ত্র, ৫ রাউন্ড তাজা গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া শেষে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।