রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরের ৫ খুন মামলার আসামি ফোরকানের লাশ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ফোরকান মোল্লার (৪০)লাশ মুন্সিগঞ্জের লৌহজংয়ের পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঘোড়দৌড় বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করার পর পরিবারের সদস্য ও তদন্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন, এটি গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ খুন মামলার প্রধান আসামি ফোরকান মোল্লার লাশ।

লাশটি কয়েক দিন পানিতে থাকায় অর্ধগলিত অবস্থায় ছিল। মুখমণ্ডল ও পোশাক দেখে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে ফোরকানের ভাই, পরিবারের সদস্য এবং কাপাসিয়া থানার তদন্ত কর্মকর্তা এটি ফোরকানের লাশ বলে ধারণা করেন। চূড়ান্ত পরিচয় নিশ্চিত করতে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে, সম্ভব না হলে ডিএনএ পরীক্ষা করা হবে।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, লাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এটি কয়েক দিন আগের।

এর আগে পুলিশ জানিয়েছিল, ৮ মে গাজীপুরের কাপাসিয়ায় ফোরকান মোল্লা তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরে তাকে ধরতে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়।

পুলিশ তদন্তে আরও জানা যায়, ঘটনার পর ফোরকান ঢাকার পল্টনের একটি রেন্ট-এ-কার থেকে গাড়ি ভাড়া করেন এবং পরে পদ্মা সেতুর এলাকায় গিয়ে মোবাইল ফোন রেখে নদীতে লাফ দেন, এমন একটি সিসিটিভি ফুটেজও পাওয়া যায়।

গাজীপুর পুলিশ সুপার জানান, উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে ফোরকানের মৃত্যুর বিষয়টি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বর্তমানে লাশটি পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া ও পরিচয় নিশ্চিতের কাজ চলছে।