রবিবার, ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯ জিলকদ, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী সুজন গ্রেপ্তার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ১১ মামলার আসামি দুর্ধর্ষ ছিনতাইকারী সুজনকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শুক্রবার রাতে টঙ্গী রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ বস্তির শহর আলীর ছেলে।

পুলিশ জানায়, টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির দুর্ধর্ষ ছিনতাইকারি সুজন রেলস্টেশন এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্ত্বিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল রাত সাড়ে ৯টায় ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। তন্মধ্যে ১টি হত্যা মামলা, ৭টি ছিনতাই মামলা এবং বাকীগুলো মাদক মামলা।
এছাড়াও তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১১টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।