সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০ জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশের আগামী অর্থবছরের উন্নয়ন অগ্রাধিকার ও প্রকল্প বাস্তবায়নের রূপরেখা নির্ধারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সকাল ১০টায় শুরু হওয়া এ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরে অবকাঠামো, জ্বালানি, স্থানীয় সরকার, পানি সম্পদ ও জনকল্যাণমূলক খাতের উন্নয়ন পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও নতুন প্রকল্প অনুমোদনের বিষয়ও সভায় পর্যালোচনা করা হচ্ছে।

এনইসি সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নিয়েছেন। উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ আরও অনেকে।