কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : আধুনিক সক্ষমতা বৃদ্ধির পথে বাংলাদেশ নৌবাহিনী এগিয়ে চলেছে। পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য এক আয়োজনে একথা বলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিক আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছেন নৌবাহিনীতে। এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণের সফল সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পদক ও পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ সব শহীদ ও নৌ কমান্ডোদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় তিনি বলেন, আধুনিক ও ত্রিমাত্রিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীতে নতুন হেলিকপ্টার, ইউএভি, মাল্টি-মিশন ইন্টারসেপ্টর বোট এবং পেট্রোল বোট সংযোজন করা হয়েছে। পাশাপাশি ডাটা সেন্টার, BNNET, আধুনিক ড্রোন সিস্টেম ও হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ সংযোজনের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, নৌবাহিনীর নিজস্ব শিপইয়ার্ডগুলো দেশীয় সক্ষমতায় যুদ্ধজাহাজ ও সহায়ক জাহাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নৌবাহিনী প্রধান ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় আইন-শৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সততা, শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেম ধারণ করে দেশের সেবায় নিজেদের নিবেদিত করতে হবে এবং সেনা ও বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।